প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
নাটোরে নিখোঁজের তিনদিন পর মিলল যুবকের মরদেহ
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেন নামে এক যুবকের মুখ থেতলানো ও ডান চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ হোসেন (২২) উপজেলার চক বড়াইগ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ১০ ডিসেম্বর রাত ১২টার দিকে আকাশ নামে এক প্রতিবেশি ট্রলি থেকে বালু নামানোর কাজের কথা বলে সোহাগকে ডেকে নিয়ে যান। এরপর ভোরে আকাশ একাই বাড়ি ফিরে আসে। আকাশের কাছে জানতে চাইলে সোহাগ পরে আসবে বলে জানায়। কিন্তু দুই দিনেও সে ফিরে না আসায় শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে মহাসড়কের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের জানালে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, সাধারণ ডায়েরির পর থেকেই আমরা তাকে উদ্ধারে তৎপর ছিলাম। কিন্তু আজ শনিবার (১৩ ডিসেম্বর) মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.