প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
রংপুরে ৩ মাসে ৩৭ ধর্ষণ, ১৩ খুন
নিজস্ব প্রতিবেদক: তিন মাসে রংপুরে ১৩টি খুন এবং ৩৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া এই সময়ে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিছিল।
তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ছয়জন খুন হয়েছেন। এ ছাড়া ৩৫টি চুরি, চারটি অপহরণ ও নয়জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।
অক্টোবর মাসে জেলায় পাঁচজন খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং তিনটি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে তিনটি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন।
২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাইরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এ ছাড়া, অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।
নভেম্বর মাসে দুটি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা দুটি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে তিনটি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাইরে। এ ছাড়া নভেম্বর মাসে সাতজন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
Copyright © 2026 All rights reserved.