প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
হাদি হত্যাচেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ে ডাকসু
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ডাকসু ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন। এসময় তাঁরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এদিকে, গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
সোমবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। এসময় বিক্ষোভকারীরা "আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো", "বীর জনতা প্রতিরোধ করো" সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের এই কর্মসূচির মূল দাবিগুলো হলো—ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
অন্যদিকে, গুলিবিদ্ধ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, তাঁর দুই ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন সহযাত্রী এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে সিঙ্গাপুর যাবেন।
Copyright © 2026 All rights reserved.