প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
পাথরঘাটায় ১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানে ১০২ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. লিটন (৪৯), যিনি পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা।
রবিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে কাঠালতলী গ্রাম থেকে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ দুই হাজার টাকা। কোস্টগার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লিটন অবৈধভাবে হরিণ শিকারের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন পাথরঘাটা কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে শিকার করা বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করে। একই সঙ্গে হরিণ শিকারের সঙ্গে জড়িত মো. লিটনকে হাতেনাতে আটক করা হয়।
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উপকূলীয় অঞ্চল এবং সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ শিকার ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে কোস্টগার্ডের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 All rights reserved.