প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
২০১৯-এর পর ইরানে ফের বাড়ল তেলের দাম
২০১৯ সালের পর আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। দীর্ঘদিনের ভর্তুকি ব্যবস্থায় বড় পরিবর্তন এনে শনিবার (১৩ ডিসেম্বর) থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে।
অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় তেলের দাম তিনটি স্তরে বিভক্ত করা হয়েছে। প্রতি মাসে প্রথম ৬০ লিটার পেট্রোল আগের মতো ভর্তুকি মূল্যে (প্রতি লিটার ১৫ হাজার রিয়াল) বিক্রি হবে। এরপর ১০০ লিটার পর্যন্ত দাম হবে ৩০ হাজার রিয়াল এবং এর বেশি কিনতে হলে ৫০ হাজার রিয়াল গুনতে হবে। এই সিদ্ধান্তে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ইরানে বহু প্রজন্ম ধরে সস্তা জ্বালানি এক ধরনের 'জন্মগত অধিকার' হিসেবে বিবেচিত হয়ে এলেও, অবমূল্যায়িত মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচির কারণে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে সরকার ভর্তুকি চালিয়ে যেতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে সস্তা পেট্রোল সরবরাহ করা হচ্ছিল। শনিবার থেকে কার্যকর হওয়া নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে ২০১৯ সালে হঠাৎ দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল এবং সহিংসতায় ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। এই পদক্ষেপকে সেই ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন ব্যবস্থা অনুযায়ী, প্রতি মাসে প্রথম ৬০ লিটার পেট্রোল আগের মতো ভর্তুকি মূল্যে ১৫ হাজার রিয়াল দরে বিক্রি হবে। এরপর পরবর্তী ১০০ লিটার পর্যন্ত পেট্রোলের দাম হবে ৩০ হাজার রিয়াল, আর এর বেশি কিনতে হলে প্রতি লিটার পেট্রোলের জন্য ৫০ হাজার রিয়াল দাম দিতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পেট্রোলের দাম বাড়ানোর ফলে দেশে বার্ষিক মূল্যস্ফীতি (যা বর্তমানে প্রায় ৪০ শতাংশ) আরও বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে রাশিয়া'র পর ইরান ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি ভর্তুকি প্রদানকারী দেশ। তবে অর্থনীতিবিদদের মতে, বিপুল এই ভর্তুকি দেশের বাজেট ঘাটতি কমাতে বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, এই মূল্য সমন্বয় জ্বালানি ব্যবহারের প্রবণতা পরিবর্তনের একটি সূচনা মাত্র।
Copyright © 2026 All rights reserved.