প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
ট্র্যাকারদের ভুলে জ্বলছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের মনোরম জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় ট্র্যাকারদের অসাবধানতার কারণেই এই আগুন লেগেছে বলে প্রশাসন জানিয়েছে।
গত শুক্রবার ট্রেকিংয়ে যাওয়া চার স্থানীয় ট্র্যাকার উপত্যকায় ক্যাম্পফায়ার জ্বালানোর পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার তাঁদের উদ্ধার করা হয়, ততক্ষণে উপত্যকার প্রায় ১.৩ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গিয়েছিল। দুর্গম এলাকা এবং সড়কপথ না থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। তাই রাজ্য সরকার ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানোর সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় দৈনিক 'দ্য হিন্দু' স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্রেকিংয়ে গিয়েছিলেন চারজন স্থানীয় ট্র্যাকার। তাঁবু খাটিয়ে ক্যাম্পফায়ার জ্বালানোর পর তারা পানি আনতে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে আগুন তাঁদের চারপাশ ঘিরে ফেলে। পরে শনিবার তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্র্যাকাররা তাঁদের ভুলের কথা স্বীকার করেছেন। শুষ্ক আবহাওয়া এবং জোর বাতাসের কারণে দাবানল প্রতি মুহূর্তে আরও বাড়ছে, তবে বর্তমানে ঠিক কতখানি এলাকাজুড়ে আগুন ছড়িয়েছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।
জুকো উপত্যকার ওই জঙ্গলে সড়কপথ না থাকায় কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনীর দমকলের গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে নাগাল্যান্ড রাজ্য সরকার ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যেখান থেকে আগুনপীড়িত অঞ্চলে পানি ছিটানো হবে। রাজ্য সরকার স্থানীয় বাসিন্দা, ট্র্যাকার এবং পর্যটকদের ওই জঙ্গল এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.