প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
জাপোরিঝঝিয়ায় ইউক্রেনের গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখল করার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সামরিক বাহিনী হুলিয়াইপোলের উত্তর-পশ্চিমে অবস্থিত ভারভারিভকা গ্রামটি নিয়ন্ত্রণ নিয়েছে।
এই হুলিয়াইপোল শহরটি দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা। যদিও ইউক্রেন ভারভারিভকা নিয়ে কিছু জানায়নি, তবে তারা হুলিয়াইপোল ফ্রন্টে রুশ বাহিনীর ১৯টি হামলা প্রতিহত করার দাবি করেছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের বাহিনী হুলিয়াইপোল থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রামটি নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। এর আগে, গত ১ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক কমান্ড পোস্টে সফরের সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেছিলেন যে রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামের উপকণ্ঠে অবস্থান নিয়েছে।
তবে ইউক্রেন দুই দিন পরই সেই দাবি প্রত্যাখ্যান করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন তখন বলেছিলেন, রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে।
সর্বশেষ বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহরসহ তিনটি বসতির দিকে রুশ বাহিনী ১৯টি হামলা চালিয়েছিল, যা ইউক্রেনীয় সেনারা প্রতিহত করেছে। তবে রাশিয়ার দাবি করা ভারভারিভকা গ্রাম দখলের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
Copyright © 2026 All rights reserved.