প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
তিতাসে নতুন গ্যাসকূপ খনন শুরু, মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপ খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের 'সি' লোকেশনে ২৮ নম্বর কূপের এই খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, খনন শেষ হলে এই কূপ থেকে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। চীনা প্রতিষ্ঠানকে দিয়ে করানো এই খনন কাজ শেষ হতে প্রায় দুই মাস সময় লাগবে।
২০১২ সালে গ্যাসের সন্ধানে তিতাস গ্যাস ফিল্ডের 'সি' লোকেশনে জরিপ চালানো হয়েছিল। সেই জরিপের প্রতিবেদন রিভিউ করার পর ২০২০ সালে বিজিএফসিএল কর্তৃপক্ষ তিতাস গ্যাস ফিল্ডে নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা নেয়। এই বৃহত্তর প্রকল্পের আওতায় গাজীপুরের কামতা গ্যাস ফিল্ডে আরও একটি কূপ খনন করা হবে। সব মিলিয়ে তিতাস ও কামতা ফিল্ডে এই চারটি কূপ খননে প্রায় সাড়ে ১২শ কোটি টাকা ব্যয় হবে। এই কূপগুলো থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধন শেষে পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব বলেন, বিজিএফসিএল পরিচালিত গ্যাস ফিল্ডগুলোর উৎপাদন ইতোমধ্যে বেড়েছে। নতুন কূপ খনন ও ওয়ার্কওভার প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের চলমান জ্বালানি সংকট অনেকাংশে কমে আসবে। তিনি আরও জানান, জ্বালানি চাহিদা মেটাতে তিতাসের ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১১ নম্বর গভীর কূপ খননের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.