প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
গুলিবিদ্ধ হাদির বাড়িতে চুরি: ৩ যুবক গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির ঝালকাঠির নলছিটি শহরের পৈতৃক বাসায় চুরির ঘটনায় তিন যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে স্বজনরা ঢাকায় চলে গেলে নলছিটির বাসাটি খালি ছিল। শুক্রবার দিবাগত রাতে চোরের দল জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়।
নলছিটি থানা পুলিশ রোববার (১৪ ডিসেম্বর) রাতে ওই তিনজনকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নলছিটি শহরের খাসমহল এলাকার রাসেল মাঝি, রাসেল সরদার এবং সাইফুল নামে এই তিন যুবককে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তাঁর ছোট বোন ও ভগ্নিপতি ঢাকা চলে যান। এরপর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৫টার দিকে চোরের দল বাসার দক্ষিণ দিকের একটি জানালার গ্রিল ভেঙে প্রবেশ করে। সকালে প্রতিবেশীরা ঘরের ভাঙা জানালা দেখে হাদির বড় বোন ফাতেমা বেগমকে জানালে তিনি বাসায় এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, চোরের দল স্টিলের আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম নিশ্চিত করেছেন যে, চুরির এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে গ্রেফতার হওয়া তিন যুবকের বিরুদ্ধে পূর্ব থেকেই থানায় একাধিক চুরিসহ নানা অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.