প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিচ্ছে- ফখরুল
১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বিশ্বাস করেন, দেশের মুক্তিকামী ও গণতান্ত্রিক জনগণ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি তাঁর বক্তব্যে গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করেন। খালেদা জিয়াকে তিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রামী নেত্রী হিসেবে অভিহিত করেন।
মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এবং তাঁর আগমনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও গতিশীল হবে।
এ সময় তাঁর সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ সহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অনেক নেতা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.