প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা,বিশ্ব রেকর্ডের চেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বিশেষ আয়োজনে অংশ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে ছিল মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প, বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী এবং সমন্বিত ব্যান্ড পরিবেশনা।
জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছাড়াও বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রধানগণসহ আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজয় দিবসের ৫৪তম বছর পূর্তি উপলক্ষে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ মোট ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকাসহ আকাশ থেকে ফ্রি ফল জাম্পের মাধ্যমে ভূমিতে অবতরণ করেন।
আয়োজকদের দাবি, এত সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্পের রেকর্ড এটিই সর্বোচ্চ। এই উদ্যোগ সফল হলে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রথম বারের মতো বাংলাদেশের পক্ষে লিপিবদ্ধ হবে। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সক্ষমতার পরিচয় তুলে ধরবে।
জাতীয় প্যারেড স্কয়ার ছাড়াও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল বাদ্য পরিবেশন করে। দেশের বিভিন্ন জেলায় সেনানিবাস সংলগ্ন এলাকায়ও সীমিত আকারে ব্যান্ড পরিবেশন করা হয়। বিমান বাহিনী দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে ফ্লাই পাস্ট পরিচালনা করে।
পাশাপাশি, বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘরও সর্বসাধারণের জন্য বিনা টিকিটে খোলা রাখা হয়।
Copyright © 2026 All rights reserved.