প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
নারায়ণগঞ্জে মাথাবিহীন অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাথাবিহীন এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সাকিনস্থ চকের মধ্যে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি চকের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে। তবে কীভাবে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.