প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
নতুন মুক্তিযোদ্ধা ৮৪ এবং সহযোগী ২৮ জনকে তালিকাভুক্তির সুপারিশ
মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) যাচাই-বাছাই ও শুনানি শেষে ৮৪ জনকে নতুন করে 'বীর মুক্তিযোদ্ধা' হিসেবে এবং ২৮ জনকে 'মুক্তিযুদ্ধের সহযোগী' হিসেবে গেজেটভুক্ত করার সুপারিশ করেছে।
একই সঙ্গে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় ৩৩৬ জন বর্তমান মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর জমা পড়া অভিযোগ ও আদালতের নির্দেশের ভিত্তিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, শত শত আবেদন যাচাই শেষে ৬৪৩ জনের আবেদন বাতিল হয়েছে। অন্যদিকে, ২৯৯৯ সালে সংশোধিত আইন অনুযায়ী রণাঙ্গনে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা ও সক্রিয়ভাবে অংশগ্রহণকারীরা 'বীর মুক্তিযোদ্ধা' এবং দেশের বাইরে থেকে কূটনৈতিক বা সাংগঠনিক ভূমিকা রাখা ব্যক্তিরা 'মুক্তিযুদ্ধের সহযোগী' হিসেবে বিবেচিত হবেন।
সরকারি সূত্র অনুযায়ী, জামুকার পুনর্গঠনের পর গত এক বছরে অনুষ্ঠিত ১১টি সভায় মোট ২৮ জনকে 'মুক্তিযুদ্ধের সহযোগী' হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁরা নতুন সংজ্ঞা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা না হলেও সহযোগী শ্রেণিতে পড়েন।
এদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম জানান, বর্তমানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের তথ্য যাচাইয়ের কাজে ব্যস্ত আছেন। এ কারণে এমআইএস-এ থাকা প্রায় ২ লাখ ৬ হাজার মুক্তিযোদ্ধার শ্রেণিবিন্যাস এবং বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা গেজেট প্রকাশের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, এই শ্রেণিবিন্যাসের বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার চিন্তা রয়েছে।
উপদেষ্টা ফারুক-ই আজম আরও জানান, মুক্তিযুদ্ধ কোটায় প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৯০ হাজার ৫২৭ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৭২ হাজার ৭৭ জনের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে এবং ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ছিল বহুমাত্রিক সংগ্রাম—কেউ অস্ত্র হাতে লড়েছেন, কেউ কূটনীতি করেছেন, কেউ সংগঠন বা সেবার মাধ্যমে ভূমিকা রেখেছেন। কিন্তু সবকিছু একভাবে উপস্থাপনের ফলে যুদ্ধের বৈচিত্র্যটা এত দিন স্পষ্ট হয়নি।
Copyright © 2026 All rights reserved.