প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পারিবারিক সিদ্ধান্ত ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তিনি এই ঘোষণা দেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে উপস্থিত কর্মী ও সাংবাদিকেরা বিস্ময় প্রকাশ করেন। মাসুদুজ্জামান তাঁর এই সিদ্ধান্তের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় ভোটারদের কাছে ক্ষমা চেয়েছেন।
সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, পারিবারিক কারণে এবং নিরাপত্তাসহ একাধিক কারণে এই নির্বাচন থেকে সরে যাচ্ছি। সব কথা হয়তো এখানে বলা যাবে না, কিন্তু আমি বাধ্য হয়েছি। আমার পরিবার ও তাদের নিরাপত্তা আমার কাছে প্রধান উদ্বেগ।
তিনি আরও স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। দলের পক্ষ থেকে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হচ্ছে না কিংবা সরকার নিরাপত্তা দিতে পারছে না—বিষয়টি এমন নয়। ব্যক্তিগত নিরাপত্তার উদ্বেগই তাঁকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
মাসুদুজ্জামান দুঃখ প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে তাঁকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু তাঁর দুর্ভাগ্য যে তিনি তা ধরে রাখতে পারলেন না। এটিকে তিনি 'তীরে এসে তরী ডোবানোর' মতো অবস্থা বলে উল্লেখ করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী হন। তিনি প্রতিশ্রুতি দেন, সংসদ সদস্য না হলেও অন্য যেকোনো উপায়ে তিনি এলাকার মানুষের পাশে থাকবেন এবং এই আসনে যিনিই নির্বাচন করবেন, তাঁর প্রতি তাঁর সমর্থন থাকবে।
উল্লেখ্য, মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই দলের মনোনয়ন পান। ঐতিহাসিকভাবে এই আসনটিতে ওসমান পরিবারের আধিপত্য ছিল।
Copyright © 2026 All rights reserved.