প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
তুর্কি আকাশসীমার কাছে ড্রোন ভূপাতিত
কৃষ্ণসাগরের দিক থেকে তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি অনিয়ন্ত্রিত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ড্রোনটি শনাক্ত হওয়ার পর তুর্কি বিমানবাহিনী এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। সম্প্রতি কৃষ্ণসাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি নিয়ে তুরস্ক উদ্বেগ প্রকাশ করার পরই এই ঘটনা ঘটল।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কৃষ্ণসাগরের আকাশ থেকে তুর্কি আকাশসীমার দিকে এগিয়ে আসা নিয়ন্ত্রণহীন ড্রোনটি শনাক্ত হওয়ার পর দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়। পরে ড্রোনটি নিয়ন্ত্রণহীন বলে নিশ্চিত হওয়ার পর সেটিকে একটি নিরাপদ এলাকায় ভূপাতিত করা হয়। তবে ড্রোনটির ধরন বা এটি কোথা থেকে এসেছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তুরস্ক প্রকাশ করেনি।
উল্লেখ্য, গত সপ্তাহে কৃষ্ণসাগর অঞ্চলে উত্তেজনা বাড়ার বিষয়ে তুরস্ক যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়েছিল। সম্প্রতি রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের একাধিক বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে তুরস্কের মালিকানাধীন তিনটি কার্গো জাহাজও ক্ষতির মুখে পড়েছিল। এর আগে, ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে রাশিয়ার তেল রপ্তানির উদ্দেশ্যে যাত্রারত তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর মস্কো ইউক্রেনকে 'সমুদ্র থেকে বিচ্ছিন্ন' করার হুমকি দিয়েছিল।
Copyright © 2026 All rights reserved.