প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
আগামী ২৫ তারিখে আমি বাংলাদেশে যাচ্ছি-ইনশাআল্লাহ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে দ্য সিটি প্যাভিলিয়ন হলে এক আলোচনা সভায় বাংলাদেশে আসার কথা তিনি নিশ্চিত করেন।
তারেক রহমান বলেন, আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে চলে যাচ্ছি।
এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
সভায় দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানান তারেক রহমান। তিনি বলেন, তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। এখন নিজেই তার দেশে ফেরার তারিখ জানালেন।
Copyright © 2026 All rights reserved.