প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
একুশে বইমেলা পিছিয়ে শুরু হবে ২০ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে অমর একুশে বইমেলা ২০ দিন পিছিয়ে যাচ্ছে। নির্বাচনের পরে অর্থাৎ আগামী বছরের ২০ ফেব্রুয়ারি প্রাণের মেলা বই মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি। সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে হলেও এবারের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি।
সভার পর বাংলা একাডেমি জানায়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। সে হিসেবে বইমেলা শুরু হবে নির্বাচনের পর।
Copyright © 2026 All rights reserved.