প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
হাদির জানাজায় থাকছে বডি ওর্ন ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জানাজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির পক্ষ থেকে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বের করা হয়। সেখান থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
ডিএমপি জানায়, জনসমাগম নির্বিঘ্ন রাখতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার স্থান ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি থাকবে। এছাড়া সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল সীমিত থাকবে বলেও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় মানিক মিয়া এভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.