প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
নেত্রকোনায় বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ
হৃদয় রায় সজীব (নেত্রকোনা থেকে): নেত্রকোনার সদর উপজেলায় কৃষককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। হেলাল উদ্দিন (৫৮) নামে এক কৃষকের গলা কাটা মরদেহ তার নিজের বসতঘরে পড়েছিল। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
আজ রবিবার (২১ ডিসেম্বর) জেলার সদর উপজেলার কে গাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে ঘটেছে মর্মান্তিক এ ঘটনাটি। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ আজ সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গত শনিবার দিনগত রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। একপর্যায়ে রবিবার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠেন। পরে ঘরে ফিরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
ওসি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.