প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
ভালুকায় দিপুকে পিটিয়ে হত্যা: বিক্ষোভ: দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়ারস (বিডি) লিমিটেড কারখানায় গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে কারখানার ফটকে বিক্ষোভ করেছে গার্মেন্ট শ্রমিক সংগঠনসমূহ।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কারখানার সামনে সমাবেশ থেকে দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত এবং দিপু দাসের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেবার দাবি জানানো হয়।
শ্রমিক নেতা মোশরেফা মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জলি তালুকদার, শবনম হাফিজ, সত্যজিৎ বিশ্বাস, তসলিমা আক্তার বিউটি প্রমুখ।
সমাবেশে সংহতি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা.হারন-অর-রশিদ প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ভালুকার হত্যাকাণ্ডটি শুধুই নিছক কোনো নৃশংস ঘটনা নয়। সমাজ থেকে মনুষ্যত্ববোধ ও যুক্তিবোধ উধাও হয়ে যাওয়ার নজির। হত্যাকাণ্ডে অংশ নেওয়া বা দাঁড়িয়ে প্রত্যক্ষ করা শতশত মানুষ যে পৈশাচিক অপরাধে শামিল হয়েছে, সেটা এক ভয়াবহ সামাজিক মনোবৈকল্যকে নির্দেশ করে।

এই হত্যাকাণ্ডের দায় মালিকপক্ষ ও সরকারকে নিতে হবে। বিক্ষোভকারীরা অবিলম্বে ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনে উগ্র ধর্মান্ধদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানান।
Copyright © 2026 All rights reserved.