প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
বিএনপির বাকি সব আসনই চূড়ান্ত করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেই সর্বশেষ সিদ্ধান্ত রয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির পরামর্শক্রমে তালিকা চূড়ান্ত করবে। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ তালিকা জানানো হবে।
বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠসূত্র বলছে, আজ রাতের মধ্যেই তিনশ’ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। দলের প্রার্থী ও যুগপতে যুক্ত শরিকদের সঙ্গে আসন মীমাংসাও সেরে নিয়েছেন নেতারা। আগামীকাল সোমবার ঘোষণা হতে পারে।
ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফায় ২৭২টি আসনের প্রার্থীর কথা জানিয়েছেন। ইতোমধ্যে কিছু আসনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তারা দাবি করেছেন, কেবলমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই এখন চূড়ান্ত বিষয়টি জানেন। আলাপকালে বিএনপির নেতারা ধারণা পেয়েছেন, কিছু আসনে পরিবর্তন আসবে। কোনও প্রার্থিকে বসিয়ে নতুন কাউকে দেওয়া হবে।
একটি জোটের প্রধান বলেছেন, বিএনপি আসন ছাড়ছে না। কারণ, বিএনপি পুরো নির্বাচনে মেজরিটি নিয়ে সরকারে আসতে চায়। শরিক দলকে আসন দিলে যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে না, তাদের বিজয় নিয়ে সন্দেহ আছে, তাই অনেকে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা করবেন।
ইতোমধ্যে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনীত নেতা শাহাদাত হোসেন সেলিম নিজের গড়া বাংলাদেশ এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ১২ আসন থেকে প্রত্যাশী সাইফুল হক জানান, তিনি আশা করছেন, ঢাকা ১২ তে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না। এছাড়া মাহমুদুর রহমান মান্না, জোনায়েত সাকি সমর্থনের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে গণতন্ত্র মঞ্চের সূত্র জানায়।
Copyright © 2026 All rights reserved.