প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
নির্বাচন কমিশনের ওপর জণগনের আস্থা ফিরবে: সিইসি
নির্বাচন কমিশনের (ইসি) প্রতি জনগণের আস্থা পুনরায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন শেষে তিনি জানান, নানা প্রতিকূলতা কাটিয়ে ভোটারদের ভীতি দূর করতে কাজ করছে ইসি।
সোমবার বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর প্রস্তুতি পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, 'হাদি ইস্যু' কেন্দ্র করে জনমনে কিছুটা উদ্বেগ বা ভীতি থাকা স্বাভাবিক, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। এবারের নির্বাচনের মাধ্যমে ইসির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা সুদৃঢ় হবে।
সিইসি আরও জানান, প্রথমবারের মতো চালু হওয়া এই পোস্টাল ব্যালট ব্যবস্থা বিশ্বের বুকে একটি আদর্শ মডেল হিসেবে পরিচিতি পাবে। ইতোমধ্যে প্রবাসীদের নিবন্ধন জটিলতা এবং সাইবার হামলার মতো বড় চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া এখন অনেক সহজ।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নিবন্ধনের জন্য আর মাত্র তিন দিন বাকি। যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তারা দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন। তিনি আশা প্রকাশ করেন যে, শেষ মুহূর্তে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভয় দূর করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
Copyright © 2026 All rights reserved.