প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
সচেতনতা বাড়াতে রাজপথে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উৎসাহিত করতে সোমবার থেকে দেশব্যাপী ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন করবেন।
আজ (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ‘ভোটের গাড়ি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। তথ্য বিবরণী অনুযায়ী, প্রধান উপদেষ্টা ভিডিও বার্তার মাধ্যমে এই প্রচারণামূলক কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন। ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে এই গাড়িটি দেশের ৬৪টি জেলা ও তিন শতাধিক উপজেলা প্রদক্ষিণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের তথ্য উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের সচিব উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই নির্বাচন কমিশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
Copyright © 2026 All rights reserved.