প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
শাশুড়িকে হত্যায় জামাতা গ্রেপ্তার
কুমিল্লার তিতাসে শাশুড়ি সুফিয়া বেগমকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি জামাতা জামাল সিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ১০ অক্টোবর কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। র্যাব জানায়, ঘটনার দিন মোবাইল ফোন ব্যবহার নিয়ে জামাল সিকদারের সঙ্গে তার স্ত্রী ও মেয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জামাল তার ১৭ বছর বয়সী মেয়ে মারিয়া আক্তারকে মারধর করে গুরুতর আহত করেন।
নাতনিকে মারধরের খবর পেয়ে সুফিয়া বেগম (৭০) জামাতার বাড়িতে ছুটে যান। এই নিয়ে জামালের সঙ্গে তারও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাল তার শাশুড়িকে মারধর করে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যান।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সোমবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক জামালকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নিহতের নাতনি মারিয়া আক্তার বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা করেছিলেন। গ্রেপ্তার জামালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 All rights reserved.