প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই অপশক্তি রুখতে দল-মত নির্বিশেষে সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সম্পাদক পরিষদ এবং 'নোয়াব' আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই বিপ্লব ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই অর্জনের ওপর আঘাত আসছে। আমি এমন বাংলাদেশের স্বপ্ন কখনো দেখিনি যেখানে স্বাধীনভাবে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়। তিনি এই পরিস্থিতি মোকাবিলায় শুধু সচেতন নয়, বরং রাজপথে রুখে দাঁড়ানোর তাগিদ দেন।
সভায় এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঘটা এই সহিংসতার পেছনে সরকারের একটি অংশের রাজনৈতিক সমর্থন রয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর হতে হবে।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সেদিন কার্যালয়ের ভেতরে থাকা কর্মীদের পুড়িয়ে মারার উদ্দেশ্য ছিল হামলাকারীদের। নিউ এজ সম্পাদক নূরুল কবীরও একমত পোষণ করে বলেন, সম্পাদকীয় নীতির বিরোধিতার নামে সংবাদমাধ্যমে আগুন দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না। সভায় জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও জোনায়েদ সাকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.