প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
এনসিপি নেতা ও সম্পাদকসহ ২০ জনকে গানম্যান প্রদান
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনসিপির ৬ শীর্ষ নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ মোট ২০ জনকে সরকারি গানম্যান প্রদান করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে বড় কোনো নিরাপত্তা শঙ্কা না থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই গানম্যান দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা। এছাড়াও গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খাঁনকেও গানম্যান দেওয়া হচ্ছে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তার আওতায় এনে তার এক বোনকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পুলিশের আইজি বাহারুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা চরম ঝুঁকিতে আছেন, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে সশস্ত্র দেহরক্ষী দেওয়া হচ্ছে। তবে গানম্যানের চাহিদা অনেক বেশি হওয়ায় জনবল সংকটের কারণে সবাইকে তা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, আন্দালিব রহমান পার্থ ও জোনায়েদ সাকিসহ ১৫ জন রাজনীতিক এবং ২৫ জন সরকারি কর্মকর্তা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আবেদন করেছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.