প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
সিরাজগঞ্জে বাল্কহেডের ইঞ্জিন রুম থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে একটি বাল্কহেডের ইঞ্জিন রুম থেকে হাফিজুল ইসলাম (৩২) নামের এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজুল ইসলাম শাহজাদপুরের বাঐখোলা গ্রামের কমল মুন্সির ছেলে। তিনি যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধ এলাকায় বালু ব্যবসার সাথে জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে হাফিজুল তার চার সহযোগীর সঙ্গে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন রুমে ঘুমাতে যান। সোমবার সকালে সহযোগীরা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাফিজুলের সহযোগীদের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
Copyright © 2026 All rights reserved.