প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের ৩ দফা ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে তিন দফা নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ দাবিগুলো তুলে ধরে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনা এবং স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগসহ বেশ কিছু কঠোর দাবি জানানো হয়েছে এতে।
সোমবার সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইনকিলাব মঞ্চ তাদের দাবিগুলো স্পষ্ট করে। প্রথমত: হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করার দাবিও জানায় সংগঠনটি।
দ্বিতীয়ত: সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে থাকা আওয়ামী ঘরানার কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।
সবশেষে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মতে, এই হত্যাকাণ্ডের দায় নিয়ে এবং নিজেদের ব্যর্থতা স্বীকার করে তাদের জনগণের সামনে ব্যাখ্যা দিয়ে পদত্যাগ করা উচিত।
Copyright © 2026 All rights reserved.