প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
৭৪ বছরে বিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী ক্রিস রিয়া
কিংবদন্তি ব্রিটিশ জনপ্রিয় গায়ক ও গীতিকার ক্রিস্টোফার অ্যান্টন রিয়া ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রক ও ব্লুজ ঘরানার এই সংগীতশিল্পী স্থানীয় সময় গত সোমবার (২২ ডিসেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে তার পরিবার নিশ্চিত করেছে।
১৯৫১ সালে ইংল্যান্ডের মিডলসবরোতে জন্ম নেন ক্রিস রিয়া। ৭০ ও ৮০ দশকে ফুল (ইফ ইউ থিঙ্ক ইটস ওভার) অন দ্য বিচ, জোসেফিন, এবং লেটস ডান্সের মতো গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি।
তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় আসে ১৯৮৯ সালে প্রকাশিত ‘দ্য রোড টু হেল’ অ্যালবামের মাধ্যমে যা যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থানে পৌঁছায়। পরে ১৯৯১ সালে মুক্তি পাওয়া ওবার্গ অ্যালবামও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে।
তবে ক্রিস রিয়াকে সবচেয়ে বেশি পরিচিত করে তোলে ১৯৮৬ সালে লেখা ড্রাইভিং হোম ফর ক্রিসমাস। ১৯৮৬ সালে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এটি শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় হয়। বড়দিন এলেই ইউরোপজুড়ে, বিশেষ করে ব্রিটেনে এই গানটি মানুষের ঘরে ফেরার আবেগকে নাড়া দেয়। গানটি এতটাই জনপ্রিয় যে, চলতি বছরেও ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সারের টেলিভিশন বিজ্ঞাপনে গানটি ব্যবহার করা হয়েছে।
দীর্ঘ সংগীতজীবনের পাশাপাশি নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে এই শিল্পীকে। তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং ২০০১ সালে জটিল অস্ত্রোপচারের মধ্যদিয়ে যেতে হয়। এরপর ২০১৬ সালে তার স্ট্রোক হয়।
স্ত্রী জোয়ান ও দুই কন্যা জোসেফিন ও জুলিয়াকে রেখে গেছেন ক্রিস রিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, তার দুই মেয়ের নামেই তিনি জনপ্রিয় গান রচনা করেছিলেন।
রিয়ার মৃত্যুর খবর শুনে তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। তার চলে যাওয়া সংগীতপ্রেমীদের জন্য অপূরণীয় ক্ষতি। তবে বড়দিন এলেই কিংবা দীর্ঘ পথে গাড়ি ছুটলেই, ক্রিস রিয়ার কণ্ঠে সেই চিরচেনা গান আবারও ফিরে আসবে শ্রোতাদের স্মৃতিতে।
Copyright © 2026 All rights reserved.