প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
কুমিল্লার মুরাদনগরে যৌতুক না পেয়ে ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। জানা যা প্রেমের টানে পরিবারের অগোচরে বিয়ে করে এই দম্পতি সেই সম্পর্কই রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল মাঝির মেয়ে। অভিযুক্ত স্বামী কুদ্দুস রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরিবারের অজান্তে বিয়ে করেন তানজিনা ও রুবেল। বিয়ের এক বছরের মাথায় শুরু হয় দাম্পত্য কলহ। চার লাখ টাকা যৌতুকের দাবিতে তানজিনার ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকে রুবেল। নির্যাতন সহ্য করতে না পেরে ঘটনার চার দিন আগে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তানজিনা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ব্যক্তিগত কাজ শেষে বাবার বাড়িতে ফেরার পথে গোমতী নদীর ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা রুবেল ধারালো ছুরি দিয়ে তানজিনার ওপর এলোপাতাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রবল তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত কুদ্দুস রুবেলকে আটক করে পুলিশ। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.