প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বিড়ম্বনার জন্য ক্ষমা চাইল বিএনপি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমন ও সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজটের আশঙ্কায় দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের বিড়ম্বনা হয় এমন কোনো কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে দলীয় নেতৃবৃন্দের অভ্যর্থনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হবেন। পথিমধ্যে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে আয়োজিত একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে মূল সড়কের বদলে সার্ভিস লেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে তারেক রহমান ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই বিশাল সমাবেশকে কেন্দ্র করে বিমানযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি চিকিৎসার জন্য অনুষ্ঠানস্থলে একটি মেডিকেল টিম এবং ছয় শয্যার ফিল্ড হাসপাতাল প্রস্তুত থাকবে। নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকতে এবং নির্ধারিত পার্কিং ও যাতায়াত রুট অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশে ফেরার পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার তিনি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর শনিবার পঙ্গু হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের দেখতে যাওয়ার পাশাপাশি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে তাঁর। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পুরো আয়োজনটি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে বিএনপি।
Copyright © 2026 All rights reserved.