প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঘন কুয়াশার কবলে পড়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ঘটা এই দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দ্রুতগতির যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের পেছনে ধাক্কা দেয়। এতে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। হাইওয়ে পুলিশের এটিএম মাহমুদুল হক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত যানগুলো সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল এখন সম্পূর্ণ স্বাভাবিক।
Copyright © 2026 All rights reserved.