প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
তারেক রহমানের নিরাপত্তায় চাওয়া হয়নি এসএসএফ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর নিরাপত্তার জন্য সরকারের কাছে 'স্পেশাল সিকিউরিটি ফোর্স' (এসএসএফ) চাওয়া হয়নি বলে জানানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে এক সংবাদ সম্মেলনে তাঁর প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন চললেও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা দল বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে এসএসএফ চাওয়ার খবর ছড়িয়ে পড়লে বুধবার সেটির আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় বিএনপি।
সংবাদ সম্মেলনে শামসুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে। তাঁর জীবনের ঝুঁকি বিবেচনা করে যতটুকু নিরাপত্তার প্রয়োজন, তার চেয়েও বেশি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে কোনো ধরণের নিরাপত্তা ঘাটতি রাখা হচ্ছে না এবং সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করেই যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত জনমনে বিভ্রান্তি দূর করতেই এসএসএফ চাওয়ার বিষয়টি নাকচ করে দেন তাঁর এই প্রধান নিরাপত্তা কর্মকর্তা।
Copyright © 2026 All rights reserved.