প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
আজ দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সপরিবারে দেশের উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে।
লন্ডনের স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি দেশের মাটিতে পা রাখবেন। ২০০৮ সাল থেকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা এই নেতার প্রত্যাবর্তন ঘিরে দেশব্যাপী দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তবে এই ঐতিহাসিক প্রত্যাবর্তন নিয়ে তারেক রহমান নিজেই কর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের এক সভায় তিনি সবাইকে বিমানবন্দরে আসতে নিষেধ করেছেন। জনদুর্ভোগ এড়াতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এই অনুরোধ জানিয়ে তিনি বলেন, যারা এই নির্দেশ অমান্য করবেন তাদের ব্যক্তিগত স্বার্থান্বেষী হিসেবে গণ্য করা হবে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তাঁর দেশে ফেরার বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, যা অবশেষে আগামীকাল পূর্ণতা পাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.