প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি পেলো জোনায়েদ সাকি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য সাতটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি দেওয়া হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আসন বন্টনের তালিকা প্রকাশ করা হয়। জোনায়েদ সাকি ছাড়াও গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতাকে দুটি আসন ছেড়েছে বিএনপি; যার মধ্যে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া অন্যান্য আসনগুলোর মধ্যে পিরোজপুর-১ আসনে মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি-কাজী জাফর), নড়াইল-২ আসনে অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (এনপিপি), যশোর-৫ আসনে মুফতি রশিদ (ঐক্যজোট) এবং ঢাকা-১২ আসনে সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত বিএনপি নেতা ড. রেদোয়ান আহমেদও এসময় উপস্থিত ছিলেন। শরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে জয় নিশ্চিত করাই এই আসন বন্টনের মূল লক্ষ্য বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
Copyright © 2026 All rights reserved.