প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
তারেক রহমানকে বরণে ৩০০ ফিটে বিশাল মঞ্চ
দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট সড়কে একটি বিশাল সংবর্ধনা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে আজ বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের শত শত নেতাকর্মী সেখানে ভিড় জমাচ্ছেন।
বিশ্বরোড-পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের সার্ভিস লেনে গত রবিবার (২১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া মঞ্চ তৈরির কাজ আজ বুধবার দুপুরে শেষ হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় এখন সাজ সাজ রব। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
সরেজমিনে দেখা যায়, মঞ্চের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তুঙ্গে; অনেকে তো এক দিন আগেই দূর-দূরান্ত থেকে এসে অনুষ্ঠানস্থলের পাশে অবস্থান নিয়েছেন। স্থানীয় এক যুবদল নেতা জানান, আগামীকাল সকাল থেকেই সংবর্ধনা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি চলবে। মূলত বিমানবন্দর থেকে ফেরার পথে এই মঞ্চেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে বিএনপি। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, আগামীকাল এখানে লাখো মানুষের ঢল নামবে।
Copyright © 2026 All rights reserved.