প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
সিলেট হয়ে ঢাকা আসবেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ঢাকা না এসে প্রথমে সিলেটে যাত্রাবিরতি করবেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি সিলেট পৌঁছাবেন এবং সেখান থেকে ঢাকায় আসবেন। তাঁর এই উচ্চপর্যায়ের আগমনকে কেন্দ্র করে সিলেট ও ঢাকার বিমানবন্দরে নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি জোরদার করা হয়েছে।
এয়ারলাইন সূত্র অনুযায়ী, তারেক রহমান লন্ডন থেকে বিমানের ফ্লাইট BG-202-এ করে দেশে ফিরছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তাঁর যাত্রা শুরু হবে। ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ১১টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তারেক রহমানের আগমন ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ছাড়া স্বজন বা সাধারণ দর্শনার্থীদের টার্মিনালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
আগামীকাল বিমানবন্দর সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ব্যাপক জনসমাগমের কারণে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ অন্যান্য সংস্থাগুলো দেশি-বিদেশি সাধারণ যাত্রীদের নির্ধারিত সময়ের বেশ আগেভাগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, অবতরণ শেষে তারেক রহমান সড়কপথে পূর্বাচলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটগুলোর চলাচল স্বাভাবিক রাখতে এভিয়েশন কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
Copyright © 2026 All rights reserved.