প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
নারী শ্রমিকদের নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ: সৈয়দ সুলতান
পোশাক খাতের নারী শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে ‘ন্যায্য মজুরি: অধিকার ও দায়বদ্ধতা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, ২০ লাখ নারী গ্রাম থেকে শহরে এলেও তাদের জন্য নিরাপদ শহর নিশ্চিত করা যায়নি।
পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা আয়োজিত সভায় সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ বলেন, নারী শ্রমিকরা দীর্ঘ সময় শ্রম দিলেও তাদের জন্য সরকারি ব্যবস্থাপনায় আবাসন, হাসপাতাল, ডে-কেয়ার সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ত সুবিধা নেই। এমনকি সন্তানদের রাখার জায়গা না থাকায় অনেক শ্রমিককেই তাদের সন্তানদের গ্রামে রেখে আসতে হয়, যা অত্যন্ত অমানবিক। তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকের জীবনমানের উন্নয়ন ছাড়া উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব নয়।
সভায় সলিডারিটি সেন্টারের কান্ট্রি ডিরেক্টর একেএম নাসিম শ্রম আইনের কিছু সংশোধনীকে ইতিবাচক বললেও পর্যাপ্ত মজুরির অভাবে ভবিষ্যৎ তহবিলের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অন্যদিকে, বিকেএমইএ পরিচালক ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন জানান, মালিকপক্ষ ন্যায্য মজুরি দিতে প্রস্তুত, তবে সরকারি তদারকি প্রতিষ্ঠানের হয়রানি কমাতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালুর দাবি জানান তিনি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের জন্য টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো নিরাপত্তা ঝুঁকি বা মজুরি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে নাজমা আক্তার ও বাবুল আখতারসহ শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.