প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
বড়দিনে ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি
খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজধানীতে আতশবাজি, পটকা এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হলো।
নির্দেশ অনুযায়ী, আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে আগামী ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ফোটানো, পটকা ফাটানো এবং ফানুস বা গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
পবিত্র বড়দিন উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি এই কঠোর পদক্ষেপ নিয়েছে। একই সাথে উৎসবের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
Copyright © 2026 All rights reserved.