প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাঁর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন। বিএনপি এই আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিলেও রুমিন ফারহানার এই পদক্ষেপে এলাকায় নতুন সমীকরণ তৈরি হয়েছে।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের নেতৃত্বে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়। এসময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলী হোসেন জানান, নেত্রীর নির্দেশেই তারা ফরম তুলেছেন এবং পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানা নিজেই দেবেন।
উল্লেখ্য, এই আসনটি থেকে রুমিন ফারহানাসহ বিএনপির একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলগত সিদ্ধান্তে আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়া হয়েছে। জোটের প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবিবের নাম ঘোষণার পর রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার এই প্রস্তুতি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.