প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
শুক্রবার ছাত্রশিবিরের বার্ষিক সদস্য সম্মেলন
আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বার্ষিক সদস্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এছাড়া আগামী ৩ জানুয়ারি ঢাকায় বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যান অথবা মানিক মিয়া এভিনিউতে এই সমাবেশের অনুমতি চেয়ে ইতিমধ্যে আবেদন করেছে দলটি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ২৬ ডিসেম্বর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে সংগঠনটি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন, দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ৩ জানুয়ারি মহাসমাবেশ করবেন তারা।
দলটির নেতৃবৃন্দ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দাবিগুলো এই সমাবেশে প্রধান্য পাবে। সমাবেশটি সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউ—যেকোনো একটি স্থানের অনুমতির অপেক্ষায় রয়েছে দলটি।
Copyright © 2026 All rights reserved.