প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
নকলের দায়ে কুমিল্লার মাদরাসা কেন্দ্র স্থগিত
ফজিল (অনার্স) পরীক্ষায় প্রকাশ্যে নকলের অভিযোগে কুমিল্লার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষাকেন্দ্রটি স্থগিত করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এখন থেকে এই কেন্দ্রের পরীক্ষার্থীরা কুমিল্লার ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
বিপুলসংখ্যক পরীক্ষার্থীর বই দেখে পরীক্ষা দেওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিপুলিয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় কেন্দ্রটি বাতিল করা হয়েছে। একই সাথে উক্ত কেন্দ্রের যাবতীয় নথিপত্র ও উত্তরপত্র দ্রুত নতুন কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
নকলের সুযোগ করে দেওয়ার অভিযোগে মাদরাসার অধ্যক্ষকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, বর্তমান প্রশাসন নকলের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। যারা পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শীঘ্রই শৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হবে।
Copyright © 2026 All rights reserved.