প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
সবার জন্য সমান সুবিধা চাইল জামায়াত
নির্বাচনী প্রচারণায় সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কেউ ভিআইপি সুবিধা পাবে আর কেউ পাবে না—এমন বৈষম্য হতে পারে না।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতে ইসলামী নির্বাচনী আচরণবিধি মেনে নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের সব প্রচারণা সামগ্রী সরিয়ে নিয়েছে। তবে অনেক দল এখনও বিধি লঙ্ঘন করছে বলে তিনি অভিযোগ করেন এবং এ বিষয়ে ইসির কঠোর দৃষ্টি আকর্ষণ করেন।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা জরুরি।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দায়িত্বও নির্বাচন কমিশনের বলে তিনি মন্তব্য করেন। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন যে, কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেবে।
Copyright © 2026 All rights reserved.