প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
ইন্টারনেট বন্ধ করা যাবে না, এনটিএমসি বিলুপ্ত
টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন এনে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ’ সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই আইনে যেকোনো পরিস্থিতিতে ইন্টারনেট সেবা চালু রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকের ওপর অবৈধ নজরদারি বন্ধ করতে বিতর্কিত প্রতিষ্ঠান ‘এনটিএমসি’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিন্ধান্ত গৃহিত হয়। অনুমোদিত এই অধ্যাদেশে টেলিযোগাযোগ সেবার মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা বন্ধ করা আইনত নিষিদ্ধ করা হয়েছে এবং সিম বা ডিভাইসের তথ্য ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। বিটিআরসির স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি লাইসেন্স প্রদানের ক্ষমতা ও কার্যপরিধিতে ভারসাম্য আনা হয়েছে, যা এই খাতকে আরও বিনিয়োগবান্ধব করে তুলবে।
বিতর্কিত এনটিএমসি বিলুপ্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘সেন্টার ফর ইনফর্মেশন সাপোর্ট’ নামক একটি কারিগরি সহায়তা কেন্দ্র গঠন করা হয়েছে। তবে এই কেন্দ্র সরাসরি কোনো নজরদারি করতে পারবে না এবং এর কার্যক্রম কঠোরভাবে তদারকি করবে একটি আধা-বিচারিক কাউন্সিল ও সংসদীয় কমিটি। এছাড়া প্রতি চার মাসে বিটিআরসিকে বাধ্যতামূলকভাবে গণশুনানি করতে হবে এবং গ্রাহকদের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তার বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সমাধান করতে হবে। কেবলমাত্র জাতীয় নিরাপত্তা ও বিচারিক প্রয়োজনে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে তথ্য যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.