প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন দলের শীর্ষ নেতারা
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বীরের বেশে স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার সাথে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও দেশে ফিরেছেন।
লন্ডন থেকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-২০২) ঢাকা পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সরাসরি ঢাকার ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা সমাবেশে যোগ দেবেন। সেখানে তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। সমাবেশ শেষে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন।
দীর্ঘ প্রায় দুই দশক পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সারাদেশের নেতাকর্মীরা। বিমানবন্দরের বাইরে এবং সমাবেশ অভিমুখে কয়েক লাখ মানুষের ঢল নেমেছে।
Copyright © 2026 All rights reserved.