প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদ থেকে ইস্তফা দিয়েছেন সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার পদত্যাগপত্র গ্রহণের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্বে ছিলেন।
দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। বুধবার রাতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
২০২৪ সালের ১০ নভেম্বর তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে সাবেক আইজিপি খোদা বকশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারী খোদা বকশের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে উপদেষ্টা পরিষদে রদবদলের গুঞ্জন শুরু হয়, যার চূড়ান্ত পরিণতি হিসেবে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের খবর সামনে এলো।
উল্লেখ্য, ১৯৭৯ ব্যাচের পুলিশ কর্মকর্তা খোদা বকশ চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০১০ সালে তিনি স্বেচ্ছায় অবসরে যান। দেড় দশকেরও বেশি সময় পর তিনি পুনরায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরেছিলেন, তবে দায়িত্ব গ্রহণের বছর খানেকের মাথায় তিনি পদত্যাগ করলেন।
Copyright © 2026 All rights reserved.