প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বিক্ষোভ ও রেল অবরোধ
পঞ্চগড়ে ঢাকা অভিমুখী একটি বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে সদরের টেঙ্গনমারি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রেললাইনে স্লিপার ফেলে অবরোধ করলে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে।
নিহত আখিরুল ইসলাম মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন চালক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে সপরিবারে দাওয়াত খেয়ে মাইক্রোবাসে ফিরছিলেন আখিরুল। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিপদের আঁচ পেয়ে তিনি দ্রুত পরিবারের সদস্যদের নামিয়ে দেন এবং অন্যদের সহায়তায় গাড়িটি লাইন থেকে সরিয়ে নিতে সক্ষম হন।
তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে নামার পর লাইনের ওপর পড়ে গেলে স্পেশাল ট্রেনটি তাকে চাপা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, ওই বিশেষ ট্রেনের সময়সূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না এবং ট্রেনটি কোনো হুইসেল দেয়নি। এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পঞ্চগড় স্টেশন থেকে ছেড়ে আসা ‘একতা এক্সপ্রেস’ পুনরায় স্টেশনে ফিরে যেতে বাধ্য হয়।
খবর পেয়ে রাত ১১টার দিকে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এরপর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
Copyright © 2026 All rights reserved.