প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকা পৌঁছানোর পর আল জাজিরা, রয়টার্স, বিবিসি ও এনডিটিভিসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো একে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একে 'দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান' হিসেবে অভিহিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাকে আগামী নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে এই প্রত্যাবর্তনকে নির্বাচনী রাজনীতির একটি টার্নিং পয়েন্ট বলে বর্ণনা করেছে।
পাশাপাশি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন ১৭ বছর পর তার দেশে ফেরার খবরটি গুরুত্বের সাথে প্রচার করেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দু সপরিবারে তার ফিরে আসার খবরটি বিশদভাবে তুলে ধরেছে। এনডিটিভি তাদের প্রতিবেদনে স্ত্রী ও কন্যাসহ তার ফেরার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে।
তারেক রহমানের দীর্ঘ এই প্রবাস জীবনের শুরু হয়েছিল ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার মাধ্যমে। এর আগে ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারাবন্দী ছিলেন। দীর্ঘদিন মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার কারণে দেশে ফিরতে না পারলেও বর্তমান পরিস্থিতিতে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.