প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
তারেক রহমানকে জামায়াত আমির ও সেক্রেটারির স্বাগত
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পৃথক বার্তায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাকে সপরিবারে স্বাগত জানান।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
একই দিনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতির জন্য ইতিবাচক। তিনি আরও উল্লেখ করেন, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেও দীর্ঘ ১৭ বছর তাকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে।
দলীয় ও ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানিয়ে গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন যে, একটি বড় দলের নেতা হিসেবে তারেক রহমান আগামী দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী সংকট নিরসনে সকল রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবেন।
Copyright © 2026 All rights reserved.