প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
এনসিপি ছাড়লেন মীর আরশাদুল, তারেক রহমানকে সমর্থন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদীয় প্রার্থী মীর আরশাদুল হক দলটির সব পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দল ছাড়ার ঘোষণা দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশনারি নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
চট্টগ্রামের বাঁশখালী আসনের এনসিপি প্রার্থী মীর আরশাদুল হক তার পদত্যাগপত্রে দলের নেতৃত্বের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসে দলটি জনগণের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। নেতৃত্বের ভুল পথ এবং আদর্শিক বিচ্যুতিই তার এই কঠোর সিদ্ধান্তের মূল কারণ।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে এই ঘোষণার জন্য বেছে নিয়ে আরশাদুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে শান্তিপূর্ণ ও ন্যায্যতার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, এনসিপি তা পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমানে একটি গোষ্ঠী ধর্ম ও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের কোনো বিকল্প নেই। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ে তারেক রহমানের স্মার্ট এবং আধুনিক কর্মপরিকল্পনা বা ‘ভিশন’ তাকে আকৃষ্ট করেছে। তরুণ সমাজকে কোনো হুজুগে না মেতে তারেক রহমানের জনকল্যাণমূলক রাজনীতির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে আরশাদুল হকের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Copyright © 2026 All rights reserved.